কুষ্টিয়ায় চালককে হত্যা করে গাছে ঝুলিয়ে অটো ছিনতাই

কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘড়িয়ায় চালককে হত্যা করে গাছে ঝুলিয়ে অটো ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া ঝিনাইদাহ আঞ্চলিক মহাসড়কের হোমিওপ্যাথি কলেজের কাছে একটি গাছে ঝুলন্ত অবস্থায় অটোচালক রফিকুল ইসলামের (৪৫) লাশ উদ্ধার করে পুলিশ। অটো ছিনতাই করতেই দুর্বৃত্তরা চালক আরিফুলকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখে গেছে বলে ধারণা পুলিশের।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় রফিকুল বাড়ি থেকে অটো নিয়ে বেড়িয়ে যান। এরপর রাত ১০টায় বাসায় না ফেরায় পরিবারের লোকজন খোঁজ করে তার সন্ধান পায়নি। পরে রাতেই পরিবারের লোকজন কুষ্টিয়া মডেল থানায় যায় সাধারণ ডায়েরি করেন। শুক্রবার সকালে পথচারীরা ঘটনাস্থলে আরিফুলের লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।

প্রতিবেশী অপর এক অটোচালক রাজু জানান, রফিকুল বাসায় না ফেরায় গতকাল রাত থেকেই আমরা খোঁজ করছিলাম। পরে রাত ১১টার দিকে থানায় গিয়ে জিডি করতে চাইলে পুলিশ বলে কেউ নিখোঁজ হওয়ার পর ২৪ ঘণ্টা পার না হলে জিডি করা যাবে না। আজ সকালে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আরিফুলের লাশ পেলেও ওর ব্যাটারিচালিত অটোরিকশাটির খোঁজ পাচ্ছি না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানান, নিহত রফিকুলের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো সংঘবদ্ধ ছিনতাইকারী অটো ছিনতাই করতে তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করা হবে।