খুলনায় যুবদল নেতাকে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা

খুলনায় বহিষ্কৃত যুবদল নেতা মাহবুবুর রহমানকে গুলি করে এবং পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ জুলাই) জুম্মার নামাজের আগে নগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পশ্চিম পাড়ায় ঘটনাটি ঘটে।

বর্তমানে তার লাশ খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে রয়েছে। নিহত মাহবুবুর রহমান মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল করিম মোল্লার ছেলে।

দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে বাসার সামনে নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন। এ সময়ে হেলমেট পরা অবস্থায় তিনজন একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করতে থাকে। পরে মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য দুর্বৃত্তরা তার দুই পায়ের রগ কেটে দেয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে আমরা ৪টি খালি গুলির খোসা উদ্ধার করেছি। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।