‘ইমরান খানের সন্তানরা ধরাছোঁয়ার বাইরে নন’

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের গভর্নর ফয়সাল করিম কুন্দি বলেছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের সন্তানরা আইনের ঊর্ধ্বে নন। যদি তারা আইনের সীমা লঙ্ঘন করে নিজে থেকে আইন হাতে তুলে নেন, তবে অন্য নাগরিকদের মতো তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন প্রদেশটির গভর্নর। তিনি পিটিআই-এর সাম্প্রতিক প্রতিবাদ কর্মসূচিগুলোকে ব্যর্থ বলে অভিহিত করেন।

তিনি বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ করার অধিকার সবার আছে— এমনকি পিটিআই প্রতিষ্ঠাতার সন্তান সুলেমান ও কাসিমেরও। তবে তিনি সতর্ক করে বলেন, যদি তারা আইন লঙ্ঘন করে, তবে আইন তার নিজস্ব পথেই চলবে। ইমরান খানের সন্তানেরা ধরাছোঁয়ার বাইরে নন।