‘ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা থাকার ফোনকল ভুয়া’

ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা থাকার ফোনকলটি ভুয়া ছিল বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জিএম (পিআর) এ বি এম রওশন কবীর। তিনি জানিয়েছেন, বিমানে কোনো বোমা বা কিছুই পাওয়া যায় নি, এটি ছিলো ফেইক কল। যাত্রীদের বোর্ডিং করানো হচ্ছে, শেষ হলেই কাঠমান্ডুর উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যাবে।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার বিকাল ৪টা ৪৫ মিনিটে বিজি ৩৭৩ ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। উড়োজাহাজটির বৈমানিক ছিলেন ক্যাপ্টেন আবদুর রহমান। ফ্লাইট ছাড়ার আগে অজ্ঞাত ফোনকলে বোমা থাকার হুমকি আসে। এরপরই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নেওয়া হয়।

জানা যায়, বিকাল ৪টা ২৬ মিনিটে একটি অজ্ঞাত ফোনকলের মাধ্যমে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বোমা থাকার আশঙ্কা জানানো হয়। উড়োজাহাজটি তখন ১৪২ যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে ট্যাক্সি করছিল।

এমন পরিস্থিতিতে ক্যাব চেয়ারম্যানে নির্দেশনায় জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়। ফাস্ট রেসপনডার হিসেবে বিমানবাহিনীর টাস্কফোর্স ও এভসেক দ্রুত বিমানের চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলে। বিমানবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল ও এপিবিএন-এর ডগ স্কোয়াড ঘটনাস্থলে আসে। পরবর্তীতে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল তাদের সঙ্গে যোগ দিয়ে উড়োজাহাজের অভ্যন্তর ও লাগেজ পরীক্ষার কার্যক্রম করছে। সমস্ত যাত্রীদের নিরাপদে উড়োজাহাজ থেকে নামিয়ে স্ক্রিনিং শেষে লাউঞ্জে পাঠানো হয়েছিল।

পরে বিমানবন্দরের বোম্ব ডিজপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উড়োজাহাজে তল্লাশি চালায়। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কারও কোনো ক্ষতি হয়নি। নিরাপত্তা তল্লাশি কার্যক্রম রাত ৮টায় শেষ হয় এবং কোনো ধরনের বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।