চাঁদপুরের ফরিদগঞ্জে বাগান থেকে মো. হাসানুর রহমান (৩৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার মিরপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত হাসানুর ফরিদগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকার মৃত খোকন মিজির ছেলে। তার এক ছেলে ও দুই মেয়ের রয়েছে।
শুক্রবার দুপুরে তরফদার বাড়ির বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফরিদগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুরে মর্গে পাঠায়।
যুবকের রহস্যজনক মৃত্যু সংবাদ পেয়ে ফরিদগঞ্জ-হাজীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুকুর চাকমা ঘটনাস্থলে উপস্থিত হন।
নিহতের মেয়ে তানজিনা বলেন, ‘বৃহস্পতিবার রাতে আমার বাবা মাছ ধরতে বের হন। এরপর কিছু লোক তাকে খুঁজতে আসে। আমি আমার বাবার হত্যার বিচার চাই।’
তিনি অভিযোগ করে আরও বলেন, ‘গত ১৯ জুন মোল্লা বাড়ির খালেকের ছেলে হাছানের ঘরে চুরির ঘটনা ঘটে। সে সময় আমার বাবার বিরুদ্ধে চুরির অপবাদ দিয়ে মারধর করা হয় এবং তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।’
নিহতের বড় ভাই শরীফ বলেন, 'চুরির ঘটনায় হাছান নামে এক ব্যক্তি বহিরাগত লোকজন এনে আমার ভাইকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। আজকে সেই হুমকি বাস্তব হলো। আমরা এ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচার চাই।'
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, 'শুক্রবার দুপুরে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে হাসানুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, 'মরদেহের হাতে বিদ্যুৎস্পৃষ্টের মতো চিহ্ন রয়েছে।' বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়াও মৃত ব্যক্তির বিরুদ্ধে চুরি, দস্যুতা, ছিনতাই ও মাদকের সাতটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর কারণ ও পেছনের রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।