তারা ভেবেছে লুটপাট-চাদাবাজের স্বাধীনতা পেয়েছে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা বলেছিলাম আমরা নতুন স্বাধীনতা দিয়েছি। আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আর তারা ভেবেছিল তারা লুটপাটের স্বাধীনতা পেয়েছে, চাদাবাজের স্বাধীনতা পেয়েছে। যদি ভেবে থাকেন লুটপাটের স্বাধীনতা পেয়েছেন, তবে খুব ভুল ভাবছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষ যে ভাবে রাজপথে নেমেছিল, সন্ত্রাসী-চাঁদাবাজের বিরুদ্ধে ঠিক একই ভাবে রাজপথে নামতে হবে। আপনারা প্রস্তুত হন।

শুক্রবার রাতে নগরীর শিববাড়ী মোড়ে পথসভায় বক্তৃতাকালে এ কথা বলেন নাহিদ ইসলাম। তিনি আগামী ৩ আগস্ট ঢাকায় জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য খুলনাবাসীর প্রতি আহবান জানান।

নাহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল নতুন বাংলাদেশ শুরু। সেই আন্দোলন আমাদের চলমান রাখতে হবে। গণতন্ত্র, মানবধিকার ও ইনসাফ প্রতিষ্ঠায় জাতীয় নাগরিক পার্টি ও গণঅভ্যুত্থানে ছাত্র-তরুণ ও আন্দোলনকারীরা মাঠে রয়েছে। যতই চেষ্টা করুণ, যতই য়ড়যন্ত্র করুণ, আমাদেরকে মাঠ থেকে সরাতে পারবেন না।

নাহিদ ইসলাম আরও বলেন, ভারতের স্বার্থ রক্ষা করার জন্য সুন্দরবন ধ্বংস করে রামপালে বিদ্যুৎকেন্দ্র করেছিল। কিন্তু এই সুন্দবন শত শত বছর ঢাল হিসাবে এই বদ্বীপকে, আমাদের রক্ষা করেছে। তাই সুন্দরবন রক্ষায় সোচ্চার হতে হবে। শিল্প গড়তে হবে, সুন্দরবন রক্ষা করতে হবে।

যশোর থেকে সড়ক পথে পদযাত্রা সহকারে নাহিদ ইসলামসহ এনসিপি নেতৃবৃন্দ সন্ধ্যায় খুলনায় পৌঁছেন। মাগরিবের পর শুরু হওয়া এ পথসভা শেষ হয় রাত পৌঁনে ৯টায়। এসময় এনসিপি নেতৃবৃন্দ বক্তৃতা করেন। মঞ্চে ছিলেন, জুলাই শহীদ পরিবারের সদস্যরা। পথসভা হলেও মূলত সেটি একটি সমাবেশে রূপ নেয়।

‘খুলনার মাটিতে পরিবর্তনের ডাক- জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি’ এবং ‘পরিবর্তনের বার্তা নিয়ে খুলনায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা’ স্লোগানে অনুষ্ঠিত পদযাত্রার এ পথসভায় বক্তৃতা করেন, এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, নাসির পাটোয়ারী, তাসনিম জারা, হাসানাত আব্দুল্লাহ, সারজিস আলম, নুসরাত তাবাসসুমসহ কেন্দ্রীয় নেতারা।

বক্তারা আগামী নির্বাচনে খুলনার ছয়টি আসনেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে প্রার্থী দেওয়া হবে এমন ঘোষণা দিয়ে বলেন, নির্বাচনে এনসিপির প্রার্থীদের বিজয়ী করে নতুন বাংলাদেশ গড়া হবে ইনশাআল্লাহ।

বক্তারা বলেন, মুজিববাদী সংবিধান বাতিল করে নতুন সংবিধান গড়তে গবে। কেননা মুজিববাদী সংবিধান রাতের ভোট বন্ধ করতে পারে না, বাকশাল রোধ করতে পারে না। সুতরাং ৫ আগস্টের আগেই জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে।

বক্তারা আরও বলেন, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে খুলনাবাসী অতীতেও সোচ্চার ছিল, এখনও আছে ভবিষ্যতেও থাকবে। শিববাড়ীর পথসভা রূপ নেয় সমাবেশে। পরে নেতৃবৃন্দ শিল্পাঞ্চল খালিশপুরের পিপলস গোল চত্বরে যান এবং সেখানে অপর একটি সমাবেশে যোগ দেন। রাতে জুলাই শহীদ সাকিব রায়হানের পিতা-মাতার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে এনসিপি নেতৃবৃন্দের।