দেশের অর্থনীতির দুর্দশাগ্রস্ত অবস্থা চলছে : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের অর্থনীতি কঠিন ও দুর্দশাগ্রস্ত অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এটা কেবল মুখের কথা নয়, আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে দেশে দুর্ভিক্ষের আশঙ্কা মানুষের মনে উঁকি দিচ্ছে। দুর্ভিক্ষের লক্ষণ যদি আমরা দেখতে পাই বা শুনতে পাই, তাহলে জনগণ আমাদের ক্ষমা করবে না।’

গতকাল শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া পরিষদের উদ্যোগে সংগঠনের সভাপতি আব্দুল কুদ্দুসের রোগমুক্তি কামনায় দুস্থদের মধ্যে জায়নামাজ বিতরণকালে তিনি এসব কথা বলেন। 

রিজভী বলেন, ‘বিএনপি দীর্ঘদিন ধরে মহান আদর্শের জন্য সংগ্রাম করে যাচ্ছে। আমরা মানবিক সমতা, ন্যায়বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। এর জন্য প্রয়োজন চিরায়ত গণতন্ত্র, প্রকৃত গণতন্ত্র, খাঁটি গণতন্ত্র। এটি একটি মহৎ আদর্শের লড়াই, যার মাধ্যমে জনগণ তাদের মালিকানা ফিরে পাবে। এই মালিকানা আটকে রাখা মানে ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া।’ 

তিনি বলেন, ‘জনগণের সরকার ক্ষমতায় থাকলে প্রতিটি পদক্ষেপে জনগণের কাছে জবাবদিহি করতে হয়, যা এখন নেই। আমরা মনে করি, অন্তর্বর্তী সরকার জনসমর্থিত, কারণ আওয়ামী লীগ ও তাদের কিছু সহযোগী দল ছাড়া সব রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন করেছে। আমরা সবাই ড. মুহাম্মদ ইউনূসকে সমর্থন করে যাচ্ছি। কিন্তু এটাও সত্য, যদি আমরা দুর্ভিক্ষের লক্ষণ দেখতে বা শুনতে পাই, তাহলে জনগণ আমাদের রেহাই দেবে না।’