গয়েশ্বর বললেন

ক্ষমতার জন্য নয় গণতন্ত্র উদ্ধারে পাগল বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বিএনপিকে যারা ক্ষমতায় দেখতে চান না, তারা মিলে ঐক্যজোট করেন। ৩০০ আসনে প্রার্থী দেন। দেখেন জামানত টিকে কি না।’ গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ (জাসাস)।

‘বিভিন্ন রাজনৈতিক দল বিএনপির পেছনে লেগেছে’ এমন মন্তব্য করে গয়েশ^র বলেন, ‘রাজনীতিতে দায়িত্বশীলতার প্রয়োজন আছে। বিএনপি তো এখনো ক্ষমতায় যায়নি। বিএনপির পেছনে দলগুলোর লাগা দেখে মনে হয় বিএনপিই ক্ষমতায় যাবে। বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে তার জন্য তারা একত্র হয়েছে। সুতরাং আমি প্রত্যাশা করি, একটা অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। ড. ইউনূস একটি সুষ্ঠু নির্বাচন করলে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, জনগণ রুখে দেবে। আর যারা যারা বিএনপির ক্ষমতায় যাওয়া পছন্দ করছেন না, তারা কালই শহীদ মিনারে এসে শপথ নেন।’