খুলনায় সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানকে (৩৮) গুলি করে এবং পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে নগরীর মহেশ্বরপাশা পশ্চিমপাড়ায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত মাহবুবুর রহমান মহেশ্বরপাশা পশ্চিমপাড়ার মো. আব্দুল করিম মোল্লার ছেলে। তিনি দৌলতপুর থানা যুবদলের সাবেক সভাপতি ছিলেন।
দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী এ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর দেড়টার দিকে মাহবুবুর রহমান তার বাসার সামনে নিজের প্রাইভেট কার পরিষ্কার করছিলেন। এ সময় হেলমেট পরা তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার মাথায় লাগার পর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা মৃত্যু নিশ্চিত করতে তার দুই পায়ের রগ কেটে দেয়। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ওসি জানান, ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা এবং একটি অব্যবহৃত গুলি উদ্ধার করা হয়েছে। তবে হত্যার কারণ বা দুর্বৃত্তদের পরিচয় সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।
ওসি মীর আতাহার বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং হত্যাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে। এদিতে গত বৃহস্পতিবার রাতে নগরীর আহসান আহমেদ রোডে ল’ কলেজের সামনে দুর্বৃত্তদের ক্ষুরের আঘাতে বাগেরহাট জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রধান সহকারী মো. হাফিজুর রহমান গুরুতর আহত হয়েছেন। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, হাফিজুর রহমান বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে প্রধান সহকারী হিসেবে কর্মরত আছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি আহসান আহমেদ রোডে একটি ফুচকার দোকান ও কাঠের গোলার মাঝামাঝি অবস্থান করছিলেন। এ সময় দুই যুবক ক্ষুর দিয়ে তার শরীরের পেছনে একাধিক আঘাত করে। তিনি আরও জানান, ঘটনার কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে।