ন্যাটোর মাধ্যমে ইউক্রেনে অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহ করা হবে ন্যাটোর মাধ্যমে। গত বৃহস্পতিবার (১০ জুলাই) তিনি বলেন, রাশিয়া নিয়ে আগামী সোমবার একটি বড় ঘোষণা আসছে। তবে এর বিস্তারিত উল্লেখ করেননি তিনি। সাম্প্রতিক সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ট্রাম্প।

এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি মনে করি, সোমবার (১৪ জুলাই) রাশিয়া নিয়ে একটি বড় ঘোষণা দেব। তিনি জানান, যুক্তরাষ্ট্র, ন্যাটো ও ইউক্রেনের মধ্যে নতুন চুক্তি হয়েছে। এ অনুযায়ী, যুক্তরাষ্ট্র ন্যাটোকে অস্ত্র দেবে এবং ন্যাটো পুরো খরচ বহন করবে।

ট্রাম্প বলেন, আমরা ন্যাটোকে অস্ত্র পাঠাচ্ছি, আর ন্যাটো শতভাগ মূল্য দিচ্ছে। পরে ন্যাটো সেই অস্ত্র ইউক্রেনকে দেবে।

সূত্রমতে, ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন ‘প্রেসিডেনশিয়াল ড্রডাউন অথরিটি’ ব্যবহার করে প্রথমবারের মতো ইউক্রেনে অস্ত্র পাঠাবেন। এই বিশেষ ক্ষমতায় জরুরি অবস্থায় মিত্র দেশগুলোকে সরাসরি অস্ত্র দেওয়া যায়। এক সূত্র জানায়, এই অস্ত্র প্যাকেজের মূল্য প্রায় ৩০০ মিলিয়ন ডলার হতে পারে।

গত মঙ্গলবার ট্রাম্প বলেন, রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়া হবে। এতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও মাঝারি পাল্লার আক্রমণাত্মক রকেট থাকতে পারে। তবে এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন শুধু জো বাইডেনের অনুমোদিত অস্ত্রই ইউক্রেনে পাঠিয়েছে। তবে হোয়াইট হাউস ও পেন্টাগন এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।