ব্যাটে-বলে মলিন পারফর্মেন্সে মুদ্রার উল্টোপিঠ দেখলেন সাকিব

সাফল্যের বিপরীতেই আছে ব্যর্থতা। ২৪ ঘণ্টার ব্যবধানে মুদ্রার এই দুই পিঠ দেখে ফেললেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে দুর্দান্ত অলরাউন্ডার নৈপুণ্যের পর দ্বিতীয় ম্যাচেই তার মলিন পারফর্মেন্স দেখা গেল। ব্যাটিংয়ে ১০ বলে মাত্র ৭ রান করার পর বল হাতে ৪ ওভারে ৩৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

শুক্রবার রাতে গায়ানায় হোবার্ট হারিকেনসের বিপক্ষে গ্লোবাল সুপার লিগের ম্যাচে ৭ উইকেটে হেরেছে সাকিবের দল দুবাই ক্যাপিটালস। টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়ে ফেলে দুবাই। ষষ্ঠ ওভারে ব্যাটিংয়ে নামেন সাকিব। প্রথম ৭ বল থেকে নিতে পারেন মাত্র ১ রান। পরে মোহাম্মদ নবিকে ছক্কা মেরে হাত খোলার ইঙ্গিত দিলেও স্লোয়ার ডেলিভারি বুঝতে না পেরে লং অফ ও মিড অফের মাঝামাঝি জায়গায় ক্যাচ দেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার।

দুবাইয়ের দেওয়া ১৪২ রানের সহজ লক্ষ্যে ১৮ বল ও ৩ উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলে হোবার্ট হারিকেনস। বল হাতেও এদিন নিষ্প্রভ ছিলেন সাকিব। প্রথম স্পেলে দুই ওভারে খরচ করেন ২০ রান। ৮ম ওভারে বোলিংয়ে ফিরে একটি বাউন্ডারি হজম করে ৫ রান দেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার। নিজের শেষ ওভারে তিনি দিয়েছেন ৯ রান। আগামী সোমবার বাংলাদেশ সময় ভোরে সাকিবদের প্রতিপক্ষ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।