রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ীকে পাথর মেরে নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামি টিটন গাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া এ ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আরেক আসামি তারেক রহমান রবিন।
শনিবার (১২ জুলাই) ঢাকার মহানগর হাকিম হাসিব উল্লাহ গিয়াস এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এর আগে বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে (৩৯) পিটিয়ে ও পাথর মেরে প্রকাশ্যে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করে।
জানা যায়, শনিবার দুপুরে ঢাকার মহানগর হাকিম হাসিব উল্লাহ গিয়াসের আদালতে আসামিদের হাজির করে পুলিশ। দুই দিনের রিমান্ড শেষে আসামি রবিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়। আদালতে সেই জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মো. মনির। জবানবন্দি রেকর্ডের পরে রবিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
অপরদিকে টিটন গাজীর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন আরেক তদন্ত কর্মকর্তা একই থানার ইন্সপেক্টর নাসির উদ্দিন। শুনানি শেষে টিটন গাজীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।