কুষ্টিয়ার দৌলতপুরে সানজিদ রানা নামে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা এবং একটি মাইক্রোবাস ও মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (১১ জুলাই) রাত সড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চকদৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সানজিদ রানা দাবি করেন, বিগত আওয়ামী লীগ আমলে তার বাণিজ্যিক মাইক্রোবাসটি আওয়ামী লীগ নেতারা মাঝেমধ্যে ভাড়া নিতেন। এই অপরাধে একই এলাকার স্থানীয় বিএনপি কর্মী আব্দুল জব্বার তার কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় শুক্রবার সন্ধ্যায় আব্দুল জব্বার ও তার অনুসারীরা তাকে ঘিরে ধরলে তিনি প্রাণভয়ে পালিয়ে যান। পরে রাত ১০টার দিকে জব্বারের নেতৃত্বে ১০-১২জন তার বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ ও হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর শেষে মাইক্রোবাস এবং মোটরসাইকেলে আগুন জ্বালানি দেয়।
বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, ‘শুক্রবার রাত সোয়া ১০টার দিকে দৌলতপুর থেকে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে সানজিদ রানা নামে এক ব্যক্তির বাড়িতে একটি মাইক্রো ও একটি বাইকে আগুন জ্বলতে দেখে। সেখানে আগুন নিয়ন্ত্রনসহ উদ্ধার কাজ শেষে তারা ফিরে আসে। তবে ওই ঘটনায় ঠিক কি পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে সেবিষয়ে তদন্ত না করে কিছু বলতে পারছি না’।
তবে বিএনপি কর্মী আব্দুল জব্বার অভিযোগ অস্বীকার করে বলেন, সানজিদ চাকরি দেয়ার নাম করে এলাকার কিছু লোকের কাছ থেকে টাকা নিয়েছিল। পরে চাকরি না দেওয়ায় তিনি প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সানজিদ তাকে মারধর করে। এর জের ধরে স্থানীয় লোকজন রাতে সানজিদের বাড়িতে হামলা চালায়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।