সংস্কারের দরজা বন্ধ হলে জনগণ আর ক্ষমা করবে না: নাহিদ ইসলাম

দেশ সংস্কারের দরজা এখনো খোলা আছে; যদি এবার বন্ধ হয়, তাহলে জনগণ আর ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা বিচার, সংস্কার ও নতুন সংবিধান চেয়েছি। একটি দল পুরাতন সংবিধান, পুরাতন বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়। যারা পুরাতন রাজনীতি করতে চায়, তাদের রাজনীতি এত সহজ হবে না। আমাদের জাতীয় সরকারের প্রস্তাবে সাড়া দেয়নি তারা। তারা ৩ মাস, ৬ মাসের মধ্যে নির্বাচন চেয়েছে। তারা শুধু ক্ষমতার ভাগবাটোয়ারা চেয়েছে। ৫ আগস্টের খুলে দেওয়া দরজায় আসেনি তারা। দেশ সংস্কারের দরজা যদি এবার বন্ধ হয়, তাহলে জনগণ আর ক্ষমা করবে না।

শনিবার (১২ জুলাই) দুপুর ২টায় সাতক্ষীরায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, তারা ভেবেছিল ২/৩টা আসন আর ক্ষমতা ভাগবাটোয়ারার লোভ দেখিয়ে গণঅভ্যুত্থানের শক্তিকে কিনে নেবে। কিন্তু যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের হয় নাই।

তিনি বলেন, ৫ আগস্ট আমরা দরজা খুলে দিয়ে বলেছিলাম— আসুন জাতীয় সরকার গঠন করি, দেশ পুনর্গঠন করি। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি। কিন্তু তারা আমাদের সেই প্রস্তাবে সাঁয় দেয়নি। তারা বলেছিল— ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, আবার বলেছে ৬ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে।

ক্ষমতার ভাগবাটোয়ায় ছাড়া দেশ সংস্কারে তাদের কোনো সমর্থন পাওয়া যায়নি উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, আমরা এখনো বলছি— নির্বাচনী ভাগবাটোয়ারা নয়, দেশ সংস্কারে আমাদের দরজা এখনো খোলা আছে। যদি এবার দরজা বন্ধ হয়, তাহলে জনগণ আর আপনাদের ক্ষমা করবে না।

একটি দল এখনো নিজেদের বদলায়নি এমন মন্তব্য করে তিনি বলেন, তাদের চাঁদাবাজিতে সাধারণ মানুষ অতিষ্ঠ। চাঁদাবাজদের রুখতে প্রয়োজনে আবার আন্দোলন হবে। এনসিপি বাংলাদেশে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে কাজ করে যাবে।

সাতক্ষীরার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাহিদ বলেন, আপনারা উপকূলের মানুষ। ঘূর্ণিঝড় আর দুর্যোগের মধ্যেও দেশকে পাহারা দিয়েছেন। অথচ এখানকার মানুষ এখনো রেললাইনের সুবিধা পায়নি। ৫৪ বছরেও সাতক্ষীরায় রেললাইন পৌঁছায়নি এটি লজ্জাজনক।

সাতক্ষীরার মাটি ও মানুষের অধিকার রক্ষাই হবে আমাদের অগ্রাধিকার উল্লেখ করে এনসিপির এ নেতা বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের যে অব্যবস্থা সাতক্ষীরায় বিদ্যমান, তা পরিবর্তনের সময় এখনই। জলবায়ু পরিবর্তন, উপকূল সুরক্ষা এবং সুন্দরবন রক্ষায় জাতীয় নাগরিক পার্টি সক্রিয়ভাবে কাজ করবে।

পথসভার আগে শহীদ আসিফ চত্বর এলাকায় জুলাই বিপ্লবে আহত ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এনসিপির নেতারা। পরে একটি পদযাত্রা শহীদ আসিফ চত্বর থেকে বের হয়ে নিউমার্কেট মোড়ে শেষ হয়। এরপর নিউমার্কেট এলাকায় আল বারাকা হোটেলের দ্বিতীয় তলায় জেলা কার্যালয় উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।