সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রতিষ্ঠাতা জুলফিকার আলি ভুট্টোর নাতি জুলফিকার আলি ভুট্টো জুনিয়র নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। দলটির লক্ষ্য হবে কৃষকদের অধিকার রক্ষা করা।
শুক্রবার লাহোর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুট্টো জুনিয়র। তিনি বলেন, এই নতুন দলের প্রধান লক্ষ্য হবে কৃষক সমাজের প্রতিনিধিত্ব ও সহায়তা করা, কারণ কৃষকরাই পাকিস্তানের অর্থনীতির মেরুদণ্ড।
পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজের প্রতিবেদন অনুসারে, সংবাদ সম্মেলনে সিভিল সোসাইটি অ্যাকটিভিস্ট ও ‘অঞ্জুমান মাযারাঈন পাঞ্জাব’-এর সদস্য ড. আম্মার আলী জান, গুলাম আব্বাসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ভুট্টো জুনিয়র হলেন প্রয়াত মীর মুর্তজা ভুট্টোর পুত্র, যিনি ১৯৯৩ সালে ‘পিপিপি-শহীদ ভুট্টো’ নামে একটি দল গঠন করেছিলেন। একই বছর থেকে ১৯৯৬ সাল পর্যন্ত লারকানা থেকে সিন্ধু প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন তার পিতা।
সংবাদ সম্মেলনে ভুট্টো জুনিয়র বলেন, পিপিপি ভুট্টোর আদর্শ বাস্তবায়নে ব্যর্থ হয়েছে, তাই তার নতুন দল জুলফিকার ভুট্টোর দর্শনে বিশ্বাসী হয়ে ‘জিয়ায়ে আওয়াম’ স্লোগান নিয়ে এগিয়ে যাবে।
তিনি বলেন, এখন সময় হয়েছে ক্ষমতার প্রকৃত বিকেন্দ্রীকরণ এবং শ্রমিক ও কৃষকের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের।