ধারণা করা হচ্ছিল ক্লাব বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ফাইনালের আগের দিন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পের মাঠে বসে খেলা দেখার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হতে যাওয়া ফাইনালে মুখোমুখি হবে পিএসজি ও চেলসি। সম্প্রতি নিউইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারেই ফিফার নতুন অফিস খোলা হয়েছে। জানা গেছে, ফাইনালে ট্রাম্প দর্শক হিসেবেই নয়, ট্রফি প্রদান অনুষ্ঠানেও অংশ নিতে পারেন।
আগামী বছর ফুটবল বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে। বেশির ভাগ ম্যাচই হবে যুক্তরাষ্ট্র। তাই ক্লাব বিশ্বকাপের ফাইনালে ট্রাম্পের উপস্থিতি এমনটি ভাবছেন অনেকে।
ট্রাম্পের আগমণ উপলক্ষ্যে ভেন্যুতে নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা। গত বছর পেনসিলভানিয়ায় একটি খোলা সভায় ট্রাম্পের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। তখন ট্রাম্প ছিলেন নির্বাচনী প্রচারণায়। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই ট্রাম্পের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
মেটলাইফ স্টেডিয়ামে ট্রাম্পের উপস্থিতির কারণে পুরো ভেন্যু ঘিরে নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তুলছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস, স্থানীয় পুলিশ, স্টেডিয়াম নিরাপত্তা টিম ও অন্যান্য সরকারি সংস্থাগুলো। সিক্রেট সার্ভিস সদস্যরা ম্যাচের আগেই ভেন্যুতে প্রবেশপথ, নিরাপদ কক্ষ, বিকল্প রুট ও সড়ক অবরোধ সংক্রান্ত পরিকল্পনা চূড়ান্ত করবে। ব্যবহার করা হবে বিস্ফোরক শনাক্তকারী কুকুর, মেটাল ডিটেক্টর, এমনকি ট্রাম্পের জন্য বুলেটপ্রুফ কাচের প্রাচীরও।
ধারণা করা হচ্ছে, ইনফান্তিনো, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং দুই ক্লাবের সিনিয়র প্রতিনিধিদের সঙ্গেই ট্রাম্প বসবেন।