কোনো কমিশনের মাধ্যমে দেশের পরিবর্তন আসবে না: আমীর খসরু

কোনো কমিশনের মাধ্যমে বাংলাদেশের পরিবর্তন আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, একটা কমিশন হয়েছে সেখানে সবাই যাচ্ছে এবং মতামত দিচ্ছে যতটুকু ঐকমত্য সম্ভব অতটুকু আপনি করতে পারবেন।

শনিবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাসদ আয়োজিত ‘অপূর্ণ জাতীয় আকাঙ্ক্ষা ও জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ বলেন, আমরাতো সব বাকশাল করতে বসি নাই। আমরা একজায়গায় ঐকমত্য হয়ে তারপরে নির্বাচন হবে। এরপর আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে।

পরিবর্তন জনগণের মালিকানায় আসতে হবে বলে মনে করেন তিনি। বিএনপির এ নেতা বলেন, আপনার পরিবর্তন জনগণের ওপর চাপিয়ে দেওয়া চলবে না। আজ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে—জনগণের মালিকানা প্রতিষ্ঠায়।

তিনি বলেন, কোনো কমিশন বা ঢাকায় বসে থাকা ব্যক্তিরা দেশের সমস্যার সমাধান করতে পারবে না। এটা টেকসই হবে না। জনগণই নির্বাচনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। গণতন্ত্রায়ণ শুধু রাজনীতিতে নয়, অর্থনীতি ও সমাজ ব্যবস্থাতেও প্রয়োজন।

যতটুকু ঐকমত্যে পৌঁছেছি এর বাইরে পুশ না করে নির্বাচনের দিকে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।