গাজীপুরে বকেয়া বেতন পরিশোধ ও লে-অফ ঘোষণাকৃত কারখানা খুলে দেওয়ার দাবিতে গতকাল শনিবার বিক্ষোভ করেছে নগরীর মোগরখাল এলাকার ফারদার ফ্যাশনসের শ্রমিকরা। এক পর্যায়ে তারা ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে। এতে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে বুঝিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।
পুলিশ ও শ্রমিকরা জানায়, কয়েক দফা তারিখ দিয়েও কর্তৃপক্ষ জুন মাসের বেতন পরিশোধ করেনি। বাধ্য হয়ে গত চারদিন ধরে শ্রমিকরা বেতনের দাবিতে আন্দোলন করে আসছিল। শ্রমিকরা গতকাল সকালে কারখানায় কাজ করতে এসে দেখতে পায় প্রধান ফটকে তালা ঝোলানো এবং লে-অফ নোটিস।
১১ জুলাই স্বাক্ষরিত লে-অফ নোটিসে উল্লেখ করা হয়েছে, নিট ও ওভেন শাখায় সরাসরি অর্ডার না থাকায় কর্তৃপক্ষ বায়িং হাউজসহ বিভিন্ন মাধ্যম থেকে ছোট ছোট কাজ সংগ্রহ করে কোনোরকমে কারখানা চালু রেখেছে। ওই কাজের আয় থেকে শ্রমিকদের কোনো প্রকারে মজুরি প্রদান করে আসছে। আগামী মাসে নিট ও ওভেন শাখায় কাজের কোনো অর্ডার হাতে নেই। শ্রমিকদের বসিয়ে রেখে পূর্ণ মজুরি প্রদান করাও সম্ভব নয়। বিষয়টি মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত। তাই শ্রম আইন ২০০৬ এর ১২ ধারা মোতাবেক শনিবার থেকে আগামী ২৫ আগস্ট পর্যন্ত সাময়িকভাবে নিট ও ওভেন শাখার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
কাজ বন্ধকালে সংশ্লিষ্ট শ্রমিক-কর্মচারীদের বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী লে-অফ ক্ষতিপূরণ প্রদান করা হবে। কাজ বন্ধকালে শ্রমিক-কর্মচারীদের কারখানায় উপস্থিত হয়ে হাজিরা দেওয়ার প্রয়োজন নেই।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম জানান, বেতনের দাবিতে শ্রমিকরা চারদিন ধরে কারখানায় কর্মবিরতি বিক্ষোভ করে আসছিল। বিক্ষোভের জেরে শনিবার থেকে কর্তৃপক্ষ নিট ও ওভেন শাখা সাময়িকভাবে লে-অফ ঘোষণা করে। শ্রমিকরা সকালে কারখানায় এসে লে-অফ নোটিস দেখে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা ঢাকা বাইপাস সড়কে অবস্থান নিয়ে যান চলাচলে বিঘœ ঘটায়। পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।