২০ বছর বা তার অধিক কারাভোগ করা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিদের মুক্তি কার্যক্রম চলমান রেখেছে সরকার। সদ্য আরও ২৯ জন বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কারা বিধি ৫৬৯ অনুযায়ী ‘২০ বছর নিয়ম’ অনুসারে এবং ফৌজদারী কার্যবিধির ৪০১(১) ধারায় রাষ্ট্রপতির পক্ষ থেকে প্রদত্ত ক্ষমতা বলে এই মুক্তির আদেশ দেওয়া হয়েছে। যেসব বন্দির সাজা রেয়াতসহ ২০ বছর পূর্ণ হয়েছে, তাদের অবশিষ্ট সাজা মওকুফ করে এই মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২৫ সালে এই পর্যন্ত মোট ১০৭ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দিকে একই নিয়মে মুক্তি দেওয়া হলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের সদাশয় নীতির অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে, যাতে নির্দিষ্ট সময়ের বেশি শাস্তি ভোগ করা বন্দিরা পুনর্বাসনের সুযোগ পান।