মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় বিচারবিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

ঢাকার মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে পিটিয়ে ও পাথর দিয়ে হত্যা করার ঘটনায় উচ্চক্ষমতাসম্পন্ন একটি বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

আজ রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। এতে হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশনার পাশাপাশি নিহতের পরিবারের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে।

রিটকারীর ভাষ্য অনুযায়ী, ‘নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া এবং আসামিরা যাতে পালিয়ে যেতে না পারে, সেজন্য দেশের স্থল ও বিমানবন্দরগুলোতে রেড অ্যালার্ট জারির নির্দেশনাও চাওয়া হয়েছে।’

জানা গেছে, রিটটি আগামীকাল আদালতের কার্যতালিকায় শুনানির জন্য আসবে।

গত ৯ জুলাই পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে পিটিয়ে এবং মাথায় পাথর মেরে হত্যা করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এ হত্যার ঘটনায় নিহতের বোন ঢাকার কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যাতে ১৯ জনের নাম উল্লেখ করে আরও ১৫–২০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। মামলার পর পুলিশ এজাহারভুক্ত প্রধান আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে।