শুধু ক্ষমতা ও দ্রুত নির্বাচন নয় চাই সংস্কার: নাহিদ ইসলাম

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে "দেশ গড়তে জুলাই পদযাত্রা" কর্মসূচি ১৩তম দিনের অংশ হিসেবে পিরোজপুরে কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বর্ণাঢ্য এই পদযাত্রা ও সমাবেশে প্রবল বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই সমাপ্তি ঘটে।

রোববার (১৩ জুলাই) দুপুরে পিরোজপুর সদর উপজেলা সিও অফিস চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। টানা বৃষ্টির কারণে সমাবেশের সময়সূচি সংক্ষিপ্ত করা হয়।

এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের একটি দল কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আগের রাতেই পিরোজপুরে পৌঁছায়। প্রায় ৪০ জন কেন্দ্রীয় নেতা এই পদযাত্রায় অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য রাখেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমানসহ বরিশাল ও পিরোজপুরের স্থানীয় নেতারা।

শহীদ মিনারে অনুষ্ঠিত এ পথসভায় নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের পর আমরা আর পুরনো রাজনীতিতে ফিরে যাব না। জবরদখল, নির্যাতন ও ক্ষমতার লোভের রাজনীতি এখন আর গ্রহণযোগ্য নয়। তিনি আরও যোগ করেন, জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে কাজ করছি। মানুষের সমস্যা শুনে তার ভিত্তিতে ভবিষ্যৎ পরিকল্পনা করছি। অনেকেই শুধু ক্ষমতা ও দ্রুত নির্বাচন চায়, কিন্তু দেশের প্রয়োজনীয় সংস্কারের দিকে নজর দেয় না। আমরা চাই প্রয়োজনীয় সংস্কার।

পিরোজপুরের কর্মসূচি শেষ করে এনসিপির কেন্দ্রীয় নেতারা বিকেলে ঝালকাঠিতে অনুষ্ঠিত পদযাত্রা ও পথসভায় যোগ দিতে রওনা হন।