রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরের সামনে সড়ক অবরোধ করেছেন ঢাকা মহানগরের সিএনজি অটোরিকশা চালকেরা।
রবিবার (১৩ জুলাই) সকাল ১০টার পর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের সামনের সড়কে অবস্থান কর্মসূচি শুরু হয়। এ কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, দেখা দেয় যানজট। তৈরি হয় জনভোগান্তি।
রবিবার দুপুর ১২টার দিকে তারা বিআরটিএ সদর দপ্তরের সামনের সড়কে অবস্থান নেন। এতে মহাখালীগামী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।
দেখা গেছে, কাফনের কাপড় পরে অনেক সিএনজিচালক অবরোধে অংশ নিয়েছেন। তারা অ্যাম্বুল্যান্স এবং এয়ারপোর্টগামী গাড়িগুলো ছেড়ে দিচ্ছেন। এ ছাড়া অন্য কোনো গাড়ি চলতে দেওয়া হচ্ছে না।
যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। তারা জানিয়েছেন, এর আগেও এ দাবি নিয়ে বিআরটিএ কর্তৃপকক্ষের কাছে একাধিকবার কথা বলা হয়েছে।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, সিএনজিচালিত অটোরিকশার চালকেরা বনানী এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে।