২০২৫ সালে সরকারি মাধ্যমে হজে যাওয়া ৪,৯৭৮ জন হাজীকে ৮ কোটি ২৮ লক্ষ ৯০ হাজার টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রবিবার (১৩ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ২০২৫ সালের হজ ব্যবস্থাপনা, অর্জন ও আগামী হজ মৌসুমের পরিকল্পনা তুলে ধরা হয়। ড. খালিদ হোসেন বলেন, আমরা হজ ব্যবস্থাপনায় সফল হয়েছি। হজ কর্মকর্তা ও মিডিয়ার সহযোগিতা পেয়েছি। আগামীতেও একইভাবে সহযোগিতা পাবো বলে আশাবাদী।
২০২৬ সালের হজ খরচ আরও কমানোর পরিকল্পনা করা হয়েছে বলে জানান ধর্ম উপদেষ্টা। এ লক্ষ্যে নভেম্বরেই সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি স্বাক্ষরিত হবে। তিনি বলেন, আমাদের লক্ষ্য হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা। ব্যয় কমানোর পাশাপাশি গুণগত মান বজায় রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
২০২৫ সালে সৌদি আরবে হজ পালনকালে ৪৫ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৩৪ জন পুরুষ ও ১১ জন নারী। হজ অফিসের বুলেটিন অনুযায়ী, মৃত্যুর প্রধান কারণ ছিল বার্ধক্যজনিত জটিলতা ও অসুস্থতা।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন হজে গেছেন। হজ ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছাড়ে ৩১ মে। এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি ফ্লাইট শেষ হয়েছে ১০ জুলাই।
সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হজ কার্যক্রম সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।