কাভার্ডভ্যানে পরিবহনের সময় গ্যাস সিলিন্ডার লিকেজ, আতঙ্ক

চট্টগ্রাম নগরে ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রবিবার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে বায়েজিদ বোস্তামি সড়কের কসমোপলিটন গেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলিন্ডার নিয়ে একটি কাভার্ড ভ্যান যাচ্ছিল পলিটেকনিক  মোড় থেকে দুই নম্বর গেটের দিকে। গাড়ির ভেতরে সারি করে সাজানো ছিল গ্যাসের সিলিন্ডার। চলার পথে হঠাৎ করে সিলিন্ডার লিকেজ হয়ে গ্যাস বের হতে শুরু করে। আতঙ্কিত কাভার্ড ভ্যানের চালক রাস্তার ওপর গাড়ি থামিয়ে বের হয়ে আসেন। খবর দেন ফায়ার সার্ভিসে। এর মধ্যে বিস্ফোরণের শঙ্কায় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় সোয়া এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামি ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, কাভার্ড ভ্যানে অনেকগুলো গ্যাস সিলিন্ডার ছিল। এর মধ্যে একটি সিলিন্ডার থেকে গ্যাস বের হতে শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এর মধ্যে নিরাপত্তার স্বার্থে সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা কাভার্ড ভ্যানের ভেতরে লিক হওয়া সিলিন্ডারটা চিহ্নিত করে তা আলাদা করেন। এরপর সোয়া এক ঘণ্টা চেষ্টার পর তা নিষ্ক্রিয় ও নিরাপদ করা হয়। সিলিন্ডারভর্তি কাভার্ড ভ্যানটি বায়েজিদ বোস্তামি থানায় নিয়ে যাওয়া হয়েছে।