কুষ্টিয়ায় তিন দাবিতে পৌর ফটকে ময়লা ফেলে কর্মবিরতি ও প্রতিবাদ 

মজুরিসহ ভাতা বৃদ্ধি ও সাপ্তাহিক ছুটির দাবিতে কুষ্টিয়া পৌরসভার প্রধান ফটকের সামনে ময়লা আবর্জনা ঢেলে কর্মবিরতি পালন করেছে দিনমজুর ভিত্তিক পরিচ্ছন্নতা কর্মীরা। রবিবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে শহরের বিভিন্ন এলাকা হতে সংগৃহীত ময়লা আবর্জনা গেটের সামনে ঢেলে তারা কর্মবিরতি পালনসহ বিক্ষোভ করেন।

ঘণ্টাব্যাপী চলার পর কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলনকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

পৌরসভার দাপ্তরিক সূত্রে জানা যায়, কুষ্টিয়া পৌরসভায় প্রায় ৪৮০ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করেন। কাজের বিনিময়ে প্রতিদিন ২৭৫ টাকা মজুরি পান।

পরিচ্ছন্নতা কর্মী রমিচ আলী বলেন, বর্তমান বাজারে ৫০০ টাকার নীচে কোন দিনমজুরের মজুরি নেই। অথচ প্রতিদিন ময়লা আবর্জনা পরিষ্কারের কাজ শেষে প্রতিদিন আমাদের নিজেদের শরীর পরিষ্কারেই খরচ করতে হয় ৫০টাকা। বাকি থাকে ২২৫ টাকা, এই টাকা দিয়ে আমি খাবো কি? আর আমার পরিবার বাচ্চা কি খাবে’? দীর্ঘদিন ধরেই আমরা স্যারদের দাবি জানায়ে আসছি। কিন্তু আমাদের কোনো কথা পাত্তাই দেননা তারা। তাই আজকে বাধ্য হয়ে দাবি আদায়ে পৌরসভা গেটে ময়লা ফেলে প্রতিবাদ ও কর্মবিরতি পালন করছি। এবারও যদি দাবি না মানে তাহলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

এ বিষয়ে কুষ্টিয়া পৌর নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছেন। আগামী দুই একদিনের মধ্যেই আশা করা যায় কর্তৃপক্ষ বিদ্যমান বাস্তবতার আলোকে গ্রহণযোগ্য সিদ্ধান্ত দিতে পারবো।