রাজধানীর বনানীতে প্রায় ৫ ঘণ্টা সড়ক অবরোধের পর সিএনজিচালিত অটোরিকশা চালকরা সড়ক ছেড়ে দিয়েছে।
রবিবার (১৩ জুলাই) সন্ধ্যায় সেনাবাহিনীর হস্তক্ষেপে সড়ক ছাড়লে সাড়ে ৬টায় মহাখালী রুটে যান চলাচল শুরু হয়।
দুপুর দেড়টা থেকে রাজধানীর বাইরের সিএনজি চালকদের অবরোধের কারণে মহাখালী রুটে যান চলাচল বন্ধ ছিল। ঢাকা জেলার সিএনজি চালকরা দাবি করেন, ঢাকা জেলার সিএনজিগুলো যেন ঢাকা মহানগরে চলাচলের অনুমতি পায়। এছাড়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশ যেন তাদের বিরুদ্ধে কোনো মামলা না দেয়।
সকাল ১০টায় বিআরটিএর সদর দফতরের সামনে অবস্থান নিতে শুরু করেন ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক কল্যাণ সোসাইটির চালকরা। তাদের সংখ্যা বাড়তে থাকায় দুপুর ১টার পর প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাখালীগামী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ৩০-৪০ জন সদস্য ঘটনাস্থলে এসে হস্তক্ষেপ করেন। তাদের প্রচেষ্টায় অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।