নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে বেগমগঞ্জ চৌরাস্তায় মূল সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা এ বিক্ষোভ পালন করে।
এ সময় শিক্ষার্থীরা সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। এক ঘণ্টা ধরে চলা এ অবরোধে নোয়াখালী এবং লক্ষ্মীপুরের সাথে ঢাকা-চট্টগ্রামের যান চলাচল বন্ধ থাকে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, শনিবার বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী অনিমেষ দেব নাথ ও তার দুই সহপাঠীর ওপর চট্টগ্রাম থেকে নোয়াখালী ফেরার পথে সন্ত্রাসীরা হামলা চালায়। এর আগেও গত মাসে একই এলাকায় বিশ্ববিদ্যালয়ের গাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছিল।
বিক্ষোভকারীরা বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি, যা দুঃখজনক।
এসিসিই বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান মেহেদী বলেন, ঘটনার পরপরই আমরা নোয়াখালী পুলিশের সঙ্গে যোগাযোগ করি। ভুক্তভোগী শিক্ষার্থী ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেছে। সেখানে আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা খুবই সহজ ব্যাপার। কিন্তু প্রশাসনকে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে দেখা যায় নি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
সমাজকর্ম বিভাগের রিয়াদুল জান্নাত মারিয়া বলেন, এক জুলাইয়ে আমরা স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়েছি, আরেক জুলাইয়ে প্রয়োজনে আমরা এই সন্ত্রাসী দমন করবো।
বিক্ষোভকারীদের অভিযোগ, শিক্ষার্থীদের ওপর অতীতের হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা না নেওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর প্রতিনিয়ত হামলার ঘটনা ঘটছে। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারেরে আওতায় আনার দাবি জানায় তারা।