৩৯ কেজি গাঁজাসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতাকে আজীবন বহিষ্কার

৩৯ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে আটক কুমিল্লার চৌদ্দগ্রামের সেই নেতাকে বহিষ্কার করেছে স্বেচ্ছাসেবক দল। রবিবার (১৩ জুলাই) বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক (দফতর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত) মো. মিজানুর রহমান খাঁন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার নাম মো. জাফর আহমেদ। তিনি উপজেলার চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি।

বহিষ্কারাদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মো. জাফর আহমেদকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এবং দলের প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

তাকে যেকোনো সভা-সমাবেশসহ সকল প্রকার দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া কোনো ব্যক্তির অপরাধ এবং সংগঠন বিরোধী অপকর্মের দায় স্বেচ্ছাসেবক দল বহন করবে না বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, গত বুধবার চট্টগ্রাম নগরীর চাঁন্দগাঁও এলাকায় র‌্যাব-৭ এর অভিযানে ৩৯ কেজি গাঁজা ও তিন সহযোগীসহ মো. জাফর আহমেদকে আটক করা হয়।