স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি শহরে শনিবার রাতে উগ্র-ডানপন্থী গোষ্ঠী, স্থানীয় বাসিন্দা ও উত্তর আফ্রিকান অভিবাসীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এর আগে সপ্তাহের শুরুতে এক বয়স্ক ব্যক্তির ওপর অজ্ঞাত হামলার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টোরে-পাচেকো শহরের এই সহিংসতায় পাঁচজন আহত হয়েছেন। ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্মরণকালে স্পেনে ভয়াবহ সংঘর্ষের অন্যতম ঘটনা এটি।
রবিবার শহরটি অপেক্ষাকৃত শান্ত ছিল, তবে সরকারি সূত্র জানিয়েছে আরও গ্রেপ্তার হতে পারে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উগ্র-ডানপন্থী প্রতীকে সজ্জিত পোশাক পরিহিত পুরুষ এবং মরক্কোর পতাকা বহনকারী অভিবাসীরা একে অপরের দিকে বিভিন্ন বস্তু ছুড়ে মারছে। এই সহিংসতা শুরু হওয়ার আগে কয়েকদিন ধরে শহরে হালকা উত্তেজনা চলছিল।
স্থানীয় এক বয়স্ক ব্যক্তিকে বুধবার রাস্তায় অজ্ঞাত ব্যক্তিরা আক্রমণ করলে স্থানীয় বাসিন্দা ও অভিবাসীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় তিনি আহত হন যদিও বর্তমানে সুস্থ আছেন। তবে হামলার কারণ এখনো জানা যায়নি। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
স্থানীয় সরকারের তথ্য অনুযায়ী, টোরে-পাচেকো শহরের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশই বিদেশি বংশোদ্ভূত।