নেপাল নয়, সেপ্টেম্বরে হামজাদের সম্ভাব্য প্রতিপক্ষ ভিয়েতনাম-কম্বোডিয়া

ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। সেপ্টেম্বরে ৬ ও ৯ তারিখে ম্যাচ দুটি হওয়ার কথা ছিল কাঠমান্ডুর দশরথ ফুটবল স্টেডিয়ামে। তবে সেই ম্যাচ দুটি বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দক্ষিণ এশীয় অঞ্চলের (সাফ) বাইরের কোনো দলের বিপক্ষে খেলার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের নির্ভরযোগ্য একটি সূত্র দেশ রূপান্তরকে এই তথ্য নিশ্চিত করেছে। বাফুফের সূত্র দেশ রূপান্তরকে জানিয়েছে, সেপ্টেম্বরের হামজা চৌধুরীদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ভিয়েতনাম অথবা কম্বোডিয়া। ভিয়েতনামের র‌্যাংকিং ১১৩ নম্বরে। তবে কম্বোডিয়া ১৮০ তম স্থানে অবস্থান করছে। তাদের চেয়ে ৪ ধাপ এগিয়ে নেপালের অবস্থান ১৭৬।

বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘নেপালের সঙ্গে খেলার পাশাপাশি যদি আরও শক্তিশালী দলের সঙ্গে খেলা যায়, তাহলে সেটিই ভালো হবে। এরই মধ্যে একটি শক্তিশালী দল রাজি হয়েছে আমাদের সঙ্গে খেলতে।’

তিনি আরও জানান, নতুন প্রতিপক্ষের নাম ৩-৪ দিনের মধ্যেই জানানো হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নেপাল ফুটবল সংস্থার (এএনএফএ) সঙ্গে আরেক দফা যোগাযোগ করবে বাফুফে। তারা রাজি হলে বাংলাদেশ নতুন দলের বিপক্ষে মাঠে নামবে।

বাংলাদেশকে প্রীতি ম্যাচের জন্য আমন্ত্রণ জানিয়েছে ভিয়েতনাম ও কম্বোডিয়া। হামজা চৌধুরীর আগমনে বাংলাদেশ দল নিয়ে আগ্রহ বেড়েছে উল্লেখ করে বাফুফে চায়, ফিফা উইন্ডোতে শক্তিশালী ও উচ্চ র‍্যাংকিংয়ের দলের সঙ্গে খেলুক জামাল ভূঁইয়ারা। এজন্য সাতটি ইউরোপীয় দেশের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল, যার মধ্যে লিথুয়ানিয়া ছাড়া সবাই সময়সূচি না মেলায় ফিরিয়ে দিয়েছে।

অন্যদিকে আফগানিস্তান, ইয়েমেন ও চাইনিজ তাইপেও বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে বিবেচনায় রয়েছে। এর আগে শ্রীলঙ্কা একটি চার জাতির টুর্নামেন্টের প্রস্তাব দিয়েছিল, যেখানে বাংলাদেশ অংশ নিতে চেয়েছিল। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দেয় নেপাল। এরপরই তারা বাংলাদেশকে দুটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দেয়। সেটিই এখন বাতিল হয়ে যাওয়ায় নেপালের প্রস্তুতি অনিশ্চয়তায় পড়েছে।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নেপাল ‘এফ’ গ্রুপে রয়েছে মালয়েশিয়া, লাওস ও ভিয়েতনামের সঙ্গে। দুই ম্যাচে হেরে গ্রুপের তলানিতে নেমে যাওয়া নেপাল ৯ অক্টোবর ভিয়েতনামের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ খেলবে।