আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে অঞ্চলভিত্তিক দেশগুলোর সম্মিলিত সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন ইরান ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা।
রবিবার এক টেলিফোন আলাপে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বলেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান। এসময় তিনি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসী যুদ্ধের নিন্দায় আবুধাবির অবস্থানকে সাধুবাদ জানান।
আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে আহমাদিয়ান বলেন, পারস্য উপসাগর এবং এর অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলোর ‘অন্তর্নির্ভরশীল নিরাপত্তা’ নিশ্চিত করতে আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।
তিনি সতর্ক করে বলেন, ‘অঞ্চলের যেকোনো একটি দেশের নিরাপত্তা যদি বহিঃশত্রুর হুমকির মুখে পড়ে, তাহলে পুরো অঞ্চলই চ্যালেঞ্জের মুখে পড়বে।’
আহমাদিয়ান আরও জানান, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য ইরান প্রতিশ্রুতিবদ্ধ।
অন্যদিকে, আমিরাতের পক্ষ থেকে তাহনুন বিন জায়েদ আল নাহিয়ান বলেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলের সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো একটি দেশের নিরাপত্তা বিঘ্নিত হলে তার নেতিবাচক প্রভাব অন্য রাষ্ট্রগুলোতেও পড়বে।’
তিনি এ-ও বলেন, যেকোনো সংকট মোকাবিলায় সংলাপের মাধ্যমে সমাধানে পৌঁছানোর পক্ষে সংযুক্ত আরব আমিরাত সমর্থন জানায়।