লর্ডস টেস্ট জমে উঠেছে চরম উত্তেজনায়। ১৯৩ রানের লক্ষ্য তাড়ায় চতুর্থ দিন শেষের নাটকীয়তায় ভারত হারিয়েছে গুরুত্বপূর্ণ চার উইকেট। হাতে আছে মাত্র ছয়টি। তবে এই অবস্থাতেও আত্মবিশ্বাসী ওয়াশিংটন সুন্দর। তার ভাষায়, “নিশ্চিতভাবেই ভারত আগামীকাল জিতবে। লাঞ্চের ঠিক পরেই।”
টেস্টের চতুর্থ দিনে এক দিনে পড়ে গেছে ১৪টি উইকেট। প্রথম ইনিংসে দুই দলই করেছিল ৩৮৭ রান, ফলে দ্বিতীয় ইনিংসই হয়ে ওঠে আসল লড়াইয়ের মঞ্চ। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৯২ রানে। ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯৩।
দিনের শেষে ভারত দ্বিতীয় ইনিংসে ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে বসে। ওপেনারদের দ্রুত ফেরার পর শেষ বিকেলে মাত্র আধা ঘণ্টায় তিনটি উইকেট হারায় সফরকারীরা।
করুন নাইয়ার ও শুভমান গিল আউট হন মাত্র ২ ও ১ রানে। দুর্দান্ত বোলিং করেন ইংলিশ পেসার ব্রাইডন কার্স (৪ ওভারে ১১ রানে ২ উইকেট)। দিনের একদম শেষ বলে আকাশ দীপ-কে বোল্ড করেন বেন স্টোকস।
তবে ভারতীয় শিবিরে আশার আলো জ্বালিয়ে রেখেছেন ওয়াশিংটন সুন্দর। দিনশেষে সুন্দর বলেন:
"নিশ্চিতভাবে ভারত জিতবে। লাঞ্চের ঠিক পরেই। আমরা এখন যেই অবস্থানে আছি, এই অবস্হানই চাইতাম। হয়তো এক উইকেট কম হারালে ভালো হতো।"
ভারতের বাকি ১৩৫ রানের পথ এবং হাতে থাকা ৬ উইকেট—সবমিলিয়ে লর্ডসে পঞ্চম দিনের সকালটা হতে যাচ্ছে সিরিজ নির্ধারণকারী। জয় পেলে ২-১-এ এগিয়ে যাবে ভারত।