'হৃদয়-লিটনের ইনিংসটা খুব দরকার ছিল'

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮৩ রানের জয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ফলে সিরিজ জয়ের আশা এখনও বেঁচে আছে বাংলাদেশের।রানের হিসেবে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়।
 
এই জয়ে বড় অবদান অধিনায়ক লিটন দাসের। তিনি ৫০ বলে ৫ ছক্কা ও এক চারে খেলেছেন ৭৬ রানের ইনিংস। তাওহীদ হৃদয়ের সঙ্গে শুরুতে ৬৯ রানের ইনিংসের পর শামীম পাটোয়ারীকে নিয়ে যোগ করেন ৭৭ রান। তাতে বাংলাদেশ পায় ১৭৭ রানের পুঁজি। হৃদয় ২৫ বলে ৩১ রান করে আউট হন। আর শামীম ইনিংসের শেষদিকে ফেরেন ২৭ বলে ৪৮ রান করে। ম্যাচ শেষে লিটন ও হৃদয়কেই ম্যাচের কৃতিত্ব দিয়েছেন শামীম।
সংবাদ সম্মেলনে শামীম বলেন, 'আসলে তখন মাঝেমধ্যে গেম একটু স্লো করতে হয়। সো এটা একটা ভালো পার্টনারশিপ দরকার ছিল। যেহেতু আমরা লাস্টের দিকে আমাদের ভালো ব্যাটসম্যান আছে, সো ওইটা আমরা কভার করতে পারবো ইজিলি। সো এটা খুবই দরকার ছিল হৃদয় আর লিটন দাসের ইনিংসটা।'
আগের ম্যাচে ৫ বল খেলার সুযোগ পেয়ে শামীম করেছিলেন অপরাজিত ১৪। রবিবার ব্যাট হাতে ৪৮ করার পর শ্রীলঙ্কার ইনিংসের শুরুতে ডিরেক্ট থ্রুতে কুশল পেরেরাকে রান আউট করে স্বাগতিকদের শুরুর ধাক্কা দিয়েছিলেন শামীমই। নিজের ব্যাটিং নিয়ে শামীম বলেন, 'এবিডির (ডি ভিলিয়ার্স) ব্যাটিং পছন্দ করি পার্সোনালি আমি। আমি সবসময়ই পজিটিভ থাকার ট্রাই করি। আর টি-টোয়েন্টি খেলাটাই হলো পজিটিভনেসের। যত (পজিটিভ) থাকবো আমি মনে করি তত ভালো।'
 
সিরিজ জয়ের সুযোগ নিয়ে শামীম বলেন, 'এখন আমরা সমতায় আছি। সিরিজটা জেতার সুযোগ আছে। আশা করি ভালো করতে পারলে সিরিজ জিততে পারবো ইনশাল্লাহ।'