‘ফ্যাসিবাদের সহযোগী’ ঢাবি শিক্ষকদের বিচার দাবি

শেখ হাসিনা ও তার সহযোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের বিচার দাবি করেছে জাতীয়তাবাদীপন্থি ঢাবি শিক্ষকদের সংগঠন সাদা দল। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং স্বৈরাচারের মদদদাতা ঢাবি শিক্ষকদের বিচারের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান। এ সময় তারা গণহত্যায় মদদদানকারী এবং দুর্নীতির দায়ে অভিযুক্ত ইমেরিটাস অধ্যাপকদের দ্রুত অপসারণ ও ফ্যাসিস্টদের চিরতরে দমন করতে দেশের স্বার্থে সবাইকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান।

মানববন্ধনে ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, হাসিনা এবং তার সঙ্গে যারা উৎসাহ প্রদান করেছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক তৎকালীন সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল যে আপনারা গুলি চালান, আমি পরিষ্কারভাবে তাদের বিচার দাবি করছি। এখন সেই আওয়ামীপন্থি শিক্ষকরা অন্তর্র্বর্তী সরকারের বিপক্ষে বিবৃতি দিয়েছে। এখন ফ্যাসিস্টরা দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করে চলছে, ফ্যাসিস্টদের চিরতরে দমন করতে  দেশের স্বার্থে সবাইকে একতাবদ্ধ থাকতে হবে। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান বলেন, শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বিভিন্ন অডিও-ভিডিও বার্তায় সাধারণ নেতাকর্মীদের উসকে দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ঢাবি সাদা দলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম সরকার বলেন, দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার বিচার নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় সংস্কার। স্বল্প সময়ের মধ্যে শেখ হাসিনার বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। মানববন্ধনে ঢাবি আইবিএর অধ্যাপক ড. মহিউদ্দিন, মার্কেটিং বিভাগের সাবেক  চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম প্রমুখ।