বিএমইউয়ে ডা. সায়ন্থ ডিন ও ডা. রিফাত সহকারী প্রক্টর

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন ডেন্টাল অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ ও অবস অ্যান্ড গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রিফাত রহমান সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এ সিদ্ধান্ত হয়। এর মধ্যে ডা. সায়ন্থ ডিন হিসেবে নিয়োগ পান ২ জুলাই ও ডা. রিফাত সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পান ৫ জুলাই স্বাক্ষরিত অফিস আদেশ অনুযায়ী।

বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়, ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ ২০০০ সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস এবং ২০০৭ সালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক বিএসএমএমইউ) থেকে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিতে এমএস ডিগ্রি অর্জন করেন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার প্রকাশিত প্রবন্ধের সংখ্যা ৩০টিরও বেশি।

চিকিৎসা শিক্ষার পাশাপাশি ডা. সায়ন্থ একজন কবি ও লেখক। তিনি একজন টেলিভিশন উপস্থাপক, রাজনৈতিক বিশ্লেষক এবং কলামিস্ট। টেলিভিশন টকশোতে তিনি খুবই জনপ্রিয় মুখ। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০২৪ সালের জুলাই মাসে তাকে গ্রেপ্তার করা হয় এবং জেলে রাখা হয়। গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর তিনি মুক্তি পান।

ডা. সায়ন্থ বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, বাংলাদেশ ওরাল ক্যানসার সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের আজীবন সদস্য।

ডা. রিফাত রহমান ২০০৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ২০০৯ সালে তিনি এফসিপিএস ও এমসিপিএস ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২০০৬ সালে অবস অ্যান্ড গাইনি বিভাগে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। ব্যক্তি জীবনে তিনি এক কন্যাসন্তানের জননী।