কুড়িগ্রাম, নরসিংদী, বরিশাল ও মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। গতকাল রবিবার দুর্ঘটনাগুলো ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবরÑ
কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ড্রাম ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘণ্টিঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিকশার চালক বাহার উদ্দিন বানু (৩০) ও অটোরিকশার যাত্রী আতিকা (১৫)। এ ছাড়া আহতরা হলেন আবু বক্কর, মোর্শেদা ও ফাতেমা। নিহত অটোরিকশা চালক পাইকেরছড়া ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে
নরসিংদী : বেলাবতে মালবাহী একটি ট্রাকের চাপায় আলকাছ (৫৫) নামের এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল : বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শাকিল হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাগুরা : মাগুরা সদরের রামনগর পার্কিং এলাকায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাগর মোল্যা (২৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। গতকাল বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।