জাতীয় পার্টির (জাপা) নবনির্বাচিত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশে চলমান রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া অত্যন্ত ত্রুটিপূর্ণ এবং অপূর্ণাঙ্গ। তিনি অভিযোগ করে বলেন, সব দলের মতামত নেওয়া হলেও, দেশের সংস্কার বা রাজনৈতিক মিটিং, সংলাপে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। এটি একপক্ষীয় ও অসম্পূর্ণ সংস্কার প্রক্রিয়া। আজ সোমবার জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালনে রংপুর যাওয়ার প্রাক্কালে গতকাল রবিবার বিকেলে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শামীম হায়দার আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশে বর্তমানে সন্ত্রাসী কর্মকা- বেড়ে গেছে। মানুষকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হচ্ছে, মব সৃষ্টি করা হচ্ছে। এ অবস্থায় কোনোভাবেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জাতীয় পার্টির এই নেতা বলেন, সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে মব নিয়ন্ত্রণে। নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে, যেখানে সব দল সমান সুযোগ পাবে। নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তখনই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে।