আরেকটি ফাইনাল জিতে কাঁদলেন এনজো ফার্নান্দেজ

এনজো ফার্নান্দেজ যেন ফাইনালের জন্যই জন্মেছেন। আর্জেন্টাইন এই মিডফিল্ডার আন্তর্জাতিক ফুটবলে এখনো পর্যন্ত যতগুলো ফাইনালে খেলেছেন, সবকটিই জিতলেন।

কোপা সুদামেরিকানা (২০২০), রেকোপা (২০২১), বিশ্বকাপ (২০২২), কোপা আমেরিকা (২০২৪), কনফারেন্স লিগ (২০২৫) ও সদ্য শেষ হওয়া ক্লাব বিশ্বকাপ (২০২৫)—সব জায়গাতেই জয়মাল্য উঠেছে এনজোর গলায়।

রবিবার সর্বশেষ ফাইনালে ম্যাচে পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপ জয়ের পর চেলসির এই তারকা টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমি আবেগাপ্লুত হয়েছিলাম। কারণ এটা আমার জন্য ব্যক্তিগতভাবে দারুণ এক মুহূর্ত। কেঁদে ফেলেছিলাম।”

মাঠে চেলসির সাফল্যের পেছনে ছিল কোচ মারেস্কার নিখুঁত পরিকল্পনা। এনজো বলেন, “আমরা খুব ভালোভাবে প্রেস করেছি, খেলোয়াড় ধরে ধরে গিয়েছি। এই জয় পুরোপুরি প্রাপ্য।”

এছাড়া নিজের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জানান, ম্যাচ শেষে যে ইঙ্গিতটি দিয়েছিলেন তা পরিবারের উদ্দেশেই। “ওরাই সব সময় আমার সঙ্গে থাকে। আজও ছিল, তাদের জন্যই ইঙ্গিতটা।”

এ জয়ের মাধ্যমে চেলসি ফুটবল ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে সব মেজর ট্রফি জয়ের কীর্তি গড়ল—প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, কনফারেন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ—সবই এখন তাদের শোকেসে।