প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, আজীবন বহিষ্কার বিএনপি নেতা

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. সিরাজুল ইসলাম মুনজেলকে (৪৫) দলের সদস্যপদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে তাকে দল থেকে নিষ্কাশন করা হয়েছে।

গত শনিবার উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ এবং অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণস্বরূপ মুনজেলকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে আজীবন বহিষ্কার করা হলো। একই সঙ্গে দলীয় সকল নেতাকর্মীকে তার সঙ্গে সম্পর্ক ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত শুক্রবার রাত আনুমানিক ২টায় চর দেশগ্রামের এক প্রবাসীর বাড়ি থেকে মুনজেলকে গ্রামবাসী আটক করে। এরপর সারা রাত রশি দিয়ে গাছে বেঁধে রাখা হয় তাকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু জানান, রাত ২টায় এলাকাবাসী তাকে আটক করে গাছে বেঁধে রাখে। উভয় পক্ষই অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেছে। ওই নারীর প্রবাসী স্বামী জানিয়েছেন, তিনি তাকে নিয়ে সংসার চালাবেন না। অন্যদিকে, মুনজেলের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।