হাইকোর্ট জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ ও ওয়াসিমসহ অন্যান্য শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা না করার কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন।
সোমবার (১৪ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে।
একই সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা না করার কারণ জানতে চেয়েও রুল জারি করেছে হাইকোর্ট।
এছাড়া, জুলাই আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতি দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশের নির্দেশনা চাওয়া হয়েছে।
এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা, ২৪-এর অভ্যুত্থানে নিহতদের প্রকৃত তালিকা প্রকাশ ও তাঁদের জাতীয় শহীদ হিসেবে ঘোষণার নির্দেশনা চেয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ইমদাদুল হক (হোয়াইট ম্যান) গত ফেব্রুয়ারি মাসে রিটটি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন, আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।
রুলে জনপ্রশাসন, প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ, আইন, তথ্য ও অর্থ সচিবকে বিবাদী করা হয়েছে।