শহীদ জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান, ইবিতে বিক্ষোভ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষক-কর্মকর্তা ও শাখা ছাত্রদল।

আজ সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জিয়া পরিষদ, ইউট্যাব ও ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সমাবেশে মিলিত হয়।

মিছিলে নেতাকর্মীরা ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো; জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়; দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার; রাজাকার আর স্বৈরাচার মিলেমিশে একাকার; স্বৈরাচার গেছে যেই পথে, রাজাকার যাবে সেই পথে; একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার; বাংলাদেশের অপর নাম, জিয়াউর রহমান ইত্যাদি স্লোগান দেন।

এ সময় উপস্থিত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, ইবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, অধ্যাপক ড. নজিবুল হক, অধ্যাপক ড. আলিনুর রহমান, অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও অধ্যাপক ড. জাকির হুসাইন।

এ ছাড়া জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি আব্দুল মইদ বাবুল এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদসহ বিভিন্ন স্তরের বিএনপিপন্থি শিক্ষক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।