কুমিল্লায় ‘জুলাই শহীদদের’ স্মরণে নির্মিত হচ্ছে স্মৃতিস্তম্ভ। সোমবার (১৪ জুলাই) কুমিল্লা শহরতলীর আলেখারচর বিশ্বরোড এলাকায় স্মৃতিস্তম্ভটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. নাজির আহমদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. আলী নূর মোহাম্মদ বশির, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, এনসিপি নেতা মাছুমুল বারী কাউসার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ সময় জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট এই স্থানেই ছাত্র-জনতার ওপর নির্মম হামলা চালানো হয়। এই স্মৃতিস্তম্ভে প্রতিটি শহীদের নাম সংযুক্ত থাকবে। পাশাপাশি, যেসব স্থানে শহীদরা প্রাণ হারিয়েছেন, সেসব জায়গায় নির্মাণ করা হবে ‘রোড মেমোরি স্ট্যান্ড’।
তিনি আরও জানান, প্রতিবছর ৫ আগস্ট স্মৃতিস্তম্ভ চত্বরে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা নজরুল ইনস্টিটিউটের সহকারী পরিচালক আল আমিন।