একটা সময় দলগুলোর মধ্যে আধিপত্য বিস্তারের জন্য পেশিশক্তি দরকার হত। দিন পরিবর্তন হয়েছে। বর্তমানে পেশিশক্তির চেয়ে দলে পরিচ্ছন্ন রাজনীতিবিদ বেশি দরকার। সোমবার রাজধানীর তুরাগ এলাকায় মহানগর উত্তর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে এ মন্তব্য করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।
তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন না করায় আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। আমাদের শিক্ষা নিতে হবে। ইউনিট কমিটির ওয়ার্ড কমিটিতে যারা রয়েছেন তাদের উদ্দেশে তিনি বলেন, আমি সবসময় তাদেরকে বলি যখন যা সহযোগিতা দরকার আপনার- আমার সাথে কথা বলবেন। কিছু রাজনৈতিক দল অপপ্রচার চালিয়ে বিএনপিকে বদনাম করতে চায়। আপনার সজাগ থাকবেন যাতে এ ধরনের বিভ্রান্তকর কথা সাধারণ মানুষের মাঝে না ছড়াতে পারে।
তিনি আরও বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন দলে চাঁদাবাজ থাকবে না। কারণ আমরা আওয়ামী লীগ হতে চাই না। উত্তরায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত কয়েকদিন অভিযান চালিয়ে বেশকিছু চাঁদাবাজকে আটক করেছে। তারা এক সময় কয়েকজন বিএনপি নেতার কর্মী ছিল। তাদের অপকর্মের জন্য দল বহিষ্কার করেছে।
মোস্তফা জামান বলেন, আমি হুঁশিয়ার করে বলতে চাই যার বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ প্রমাণিত হবে সে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার হবে। এছাড়া নেতাকর্মীদের সতর্ক করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর হতে যারা গ্রেফতার হয়েছে তাদের ও দলের ভেতরে বাহিরে সহযোগীদের তথ্য নেয়া হচ্ছে।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, হারুনু-আর রশিদ খোকা, ভারপ্রাপ্ত আহ্বায়ক তুরাগ থানা, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাজী জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুরাগ থানা।
অনুষ্ঠানেউপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, এ বি এম এ রাজ্জাক, এম কফিল উদ্দিন, আফাজ উদ্দিন আফাজ সহ মহানগর ও তুরাগ থানার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানের শেষে বৃক্ষরোপণ করেন আয়োজকরা।