ম্যাক্সওয়েল-ফিলিপসকে থামিয়ে দিলো কে এই রুশিল উগারকার!

শিরোপা জিততে শেষ ওভারে ১২ রান দরকার ওয়াশিংটন ফ্রিডমের। ক্রিজে সাদা বলের দুই সুপারস্টার গ্লেন ম্যাক্সওয়েল ও গ্লেন ফিলিপস। স্বাভাবিকভাবেই ম্যাচ তখন দুই ব্যাটসম্যানের দিকে হেলে। কিন্তু মাথা ঠাণ্ডা রেখে অসাধারণ এক ওভার করলেন ২২ বছরের ফাস্ট বোলার রুশিল উগারকার। 

তার প্রথম ৩ বলে ২ রান তুলতে পারায় ম্যাক্সওয়েলের উপায় ছিল না ছক্কা না হাকানোর। কিন্তু তা করতে গিয়ে বল সীমানা পার করতে পারেননি ম্যাক্সি। ধরা পড়ে যান ডিপ মিড উইকেটে। নতুন ব্যাটসম্যান ওবাস পিয়েনার পঞ্চম বল ডট দিলে এক দফা উল্লাস করেন নিউইয়র্কের ফিল্ডাররা। শেষ বলে বাউন্ডারি হজম করলেও যুক্তরাষ্ট্রের তরুণ পেসারকে মধ্যমণি করে শিরোপা উদযাপন শুরু করে নিকোলাস পুরানের এমআই কেপটাউন।

ডালাসে সোমবার বাংলাদেশ সময় সকালের ফাইনালে গত আসরের চ্যাম্পিয়ন ওয়াশিংটনকে ১৭৫ রানে আটকে দিয়ে ৫ রানে ম্যাচ জেতে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি। তাদের তৃতীয় শিরোপা। এর আগে এসএ টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয় তারা। আর উইমেন'স প্রিমিয়ার লিগের ট্রফি ঘরে তোলে মুম্বাই ইন্ডিয়ান্স।

টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৭২ রান যোগ করেন কুইন্টন ডি কক ও মোনাঙ্ক প্যাটেল। ২২ বলে ২৮ রান করে ফেরেন মোনাঙ্ক। ডি ককের ব্যাট থেকে আসে ৬ চার ও ৪ ছক্কায় ৪৬ বলে ৭৭ রান।

রুশিল উগারকারের উদযাপন

পরে নিকোলাস পুরান, কাইরন পোলার্ড, মাইকেল ব্রেসওয়েলরা হতাশ করলে কমতে থাকে রানের গতি। শেষ দিকে কুনওয়ারজিত সিংয়ের ১৩ বলে ২২ রানের সৌজন্যে ১৮০ রানে পৌঁছায় নিউ ইয়র্ক। লকি ফার্গুসন নেন ৩ উইকেট।

রান তাড়ায় শুরুতেই জোড়া ধাক্কা খায় ওয়াশিংটন। প্রথম ওভারে দারুণ ছন্দে থাকা মিচেল ওয়েন ও আন্দ্রেস গাউসকে ফেরান ট্রেন্ট বোল্ট। ৮৪ রানের জুটিতে শুরুর চাপ সামাল দেন রাচিন রবীন্দ্র ও জেইক এডওয়ার্ডস। ২ চার ও ২ ছক্কায় ২২ বলে ৩৩ রান করে ফেরেন এডওয়ার্ডস। মাত্র ২৪ বলে ফিফটি স্পর্শ করেন রাভিন্দ্রা। ১৬তম ওভারে তিনি আউট হন ৪১ বলে ৭০ রান করে। ৮ চারের সঙ্গে মারেন ২টি ছক্কা।

পরে দায়িত্ব নেন ম্যাক্সওয়েল ও ফিলিপস। শেষ ৩ ওভারে ৪১ রানের সমীকরণে ১৮ ও ১৯তম ওভার মিলিয়ে দুজন মিলে নেন ২৯ রান। শেষ ওভারে আর পারেননি তারা ওই উগারকারণে কারণে।