ইউক্রেনে প্যাট্রিয়ট মিসাইল পাঠাচ্ছে ট্রাম্প, রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত 

ইউক্রেনে অত্যাধুনিক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে তিনি রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিতও দিয়েছেন। 

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ঘোষণাটি এমন এক সময়ে এল, যখন আজ ‘রাশিয়া নিয়ে ট্রাম্পের একটি গুরুত্বপূর্ণ ঘোষণা’ আসার কথা রয়েছে। সেদিনই তিনি ওয়াশিংটনে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে বসছেন এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ইউক্রেন সফর শুরু করছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার ঘোষণা করেছেন, ইউক্রেনকে পাঠানো হবে অত্যাধুনিক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একইসঙ্গে তিনি রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিতও দিয়েছেন। 
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘পুতিন অনেককে অবাক করেছে। তিনি দিনে ভদ্রভাবে কথা বলেন, তারপর রাতে বোমাবর্ষণ শুরু করেন।’

ট্রাম্প বলেন, ‘আমরা ইউক্রেনকে প্যাট্রিয়ট পাঠাচ্ছি, যেটা ওদের খুব প্রয়োজন। এখনো সংখ্যার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে ওদের কিছু দেওয়া হবে। ওদের নিরাপত্তা দরকার।’

তিনি এই মন্তব্য করেন নিউ জার্সিতে ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনাল দেখে ফিরবার পথে জয়েন্ট বেস অ্যান্ড্রুজ-এ সাংবাদিকদের সামনে।

গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে ফিরে এসে ট্রাম্প বলেছিলেন, তিনি পুতিনের সঙ্গে আলোচনার মাধ্যমে যুদ্ধ থামাতে পারবেন। তাই ইউরোপের মতো কঠোর নিষেধাজ্ঞা তখন তিনি দেননি।

কিন্তু গত কয়েক মাস ধরে রাশিয়া যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের যুদ্ধবিরতির প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প এখন ধীরে ধীরে কঠোর অবস্থানে যাচ্ছেন।

রবিবার এক প্রশ্নে তিনি বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে আগামীকাল (সোমবার) কী হয়, সেটা দেখলেই বুঝবেন, ঠিক আছে?’