মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এ বিক্ষোভ মিছিল শেষ হয় শাহবাগে এসে।
পথে মিছিলটি পল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে কাকরাইল, শহিদ মিনার, টিএসসি অতিক্রম করে।
মিছিলে শুরুর পূর্বে পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি গুপ্ত সংগঠন কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহারের মাধ্যমে ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।
তিনি বলেছেন, শিবিরের গুপ্ত কর্মীরা মব সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন ঢাকাসহ ছাত্রদলের সব শাখার কর্মী ও নেতৃবৃন্দ। পরে শাহবাগ মোড় অবরোধ করে ঘন্টাব্যাপী অবস্থান করার পর কেন্দ্রীয় কমিটির নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
নাসির অভিযোগ করে বলেন, গত এক সপ্তাহে একাধিক নির্মম হত্যাকাণ্ড ঘটলেও সেই ‘গোপন সংগঠনের’ সদস্যরা এসব ঘটনা নিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেনি। তারা কেবল মিটফোর্ডের ঘটনা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রোপাগাণ্ডাও ছড়াচ্ছে।
এই অসৎ উদ্দেশ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং সংগঠনের অবস্থান স্পষ্ট করতেই প্রতিবাদ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে বলে জানান তিনি।