বগুড়ার নন্দীগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) বিকাল ৪টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের শহড়কুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
সন্ধ্যা ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে পুলিশ সার্জেন্ট মো. মাসুদুর ফাহিম। নিহতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের শহরকুড়ি গ্রামের মৃত জলিল হোসেনের ছেলে মো. ইসমাইল হোসেন (৬০) ও তার ভাই মো. ইদ্রিস হোসেন (৫৫)।
হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কাজ শেষে নন্দীগ্রাম থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আপন দুই ভাই। এ সময় বগুড়া থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বিআরটিসি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমরে মুচরে যায় এবং ঘটনাস্থলেই আপন দুই ভাইয়ের নিহত হন।
এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে পুলিশ সার্জেন্ট মো. মাসুদুর ফাহিম জানান, নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জড়িত ঘাতক বাস পালিয়ে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।