৬ দিন আগে নিখোঁজ, শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

গাজীপুরে বাড়ি থেকে নিখোঁজের ৬ দিন পর বস্তাবন্দি এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত নাভা (৫) ধীরাশ্রম দাক্ষিণ খান এলাকার নাসির মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই শিশুটি বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে না পেয়ে তার মা খাদিজা বেগম গাজীপুর সদর মেট্রো থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সোমবার বিকেলে বাড়ির ৩০০ গজ দক্ষিণে একটি ঝোপজারের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা শিশুটির বস্তাবন্দি মরদেহ দেখতে পান। খবর পেয়ে গাজীপুর সদর মেট্রো থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

সদর মেট্রো থানার মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা শিশুটিকে হত্যা করেছে তার তদন্ত চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।