বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জুন মাসে দেশজুড়ে সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩৬ কোটি ৯ লাখ ৬২ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
বিজিবি জানায়, জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে স্বর্ণ, শাড়ি, থ্রিপিস, বিভিন্ন প্রকার কাপড়, কসমেটিকস সামগ্রী, আতশবাজি, মোবাইল সামগ্রী, ভোজ্য তেল, বিভিন্ন প্রকার বীজ, গরু-মহিষ, কষ্টিপাথরের মূর্তি, ট্রাক, কভার্ডভ্যান ও মোটরসাইকেল। এ ছাড়াও বিভিন্ন ধরনের দেশি-বিদেশি অস্ত্র, মাদক ও অবৈধ বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করা হয়।
বিজিবি আরও জনায়, সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৯৭ চোরাচালানি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৫৫ বাংলাদেশি ও ৭ ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।