মিটফোর্ডে আরও দুদিন কর্মবিরতি ও ক্লাস-পরীক্ষা বর্জন

নিরাপদ পরিবেশের দাবিতে আরও দুদিন কর্মবিরতির ঘোষণা দিয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। গত রবিবার রাতে এক জরুরি বৈঠক করে এই সিদ্ধান্ত জানায় ইন্টার্ন ডক্টরস সোসাইটি (আইডিএস), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা। এর ফলে গতকাল সোমবারও ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করেন এবং ক্লাস ও পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা।

চিকিৎসকরা জানান, গতকাল ও আজ মঙ্গলবার জরুরি সেবা ব্যতীত সব চিকিৎসাসেবা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সময়ে জরুরি বিভাগ চালু থাকবে।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সাময়িক কিছু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও হাসপাতাল এলাকা এখনো সম্পূর্ণ নিরাপদ হয়নি। বহিরাগতদের অনুপ্রবেশ, বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক কর্মসূচির প্রভাব এবং প্রশাসনিক নিষ্ক্রিয়তার কারণে ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে চরম উদ্বেগ ও ভীতি বিরাজ করছে।’